অনলাইন ডেস্ক:
সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িতের পক্ষ থেকে সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্র করার দাবীতে প্রধান উপদেষ্টা ড.মুুহাম্মদ ইউনূসের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি দুপুর ১টায় বাংলাদেশ হাইকমিশনের মিশনপ্রধান মুহাম্মদ শাহরিয়ারের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
লন্ডনে অবস্থানরত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী প্রেরিত স্মারকলিপিতে বলা হয়, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সিলেট বিভাগের প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ এ ভাষায় কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশে আরও ১ কোটি ৫০ লাখ মানুষ এই সিলটি ভাষায় কথা বলেন। যার পৃথক বর্ণমালা আছে, যা সিলটি নাগরিলিপি নামে পরিচিত; যা বাংলা ভাষার বর্ণমালা থেকে সম্পূর্ণ পৃথক ও বাংলা ভাষা থেকে পৃথক ভাষা। বাংলাদেশের বাংলা ভাষা ছাড়া সিলটি একমাত্র ভাষা, যার পৃথক বর্ণমালা বা অক্ষর আছে এবং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
স্মারক লিপিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বের ৯৭তম ভাষা এই সিলটি ভাষা। এই ভাষায় অনেক সাহিত্য, পুঁথি, কবিতা ও উপন্যাস রচিত হয়েছে। অনেকেই এই ভাষার উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। সিলটি নাগরি লিপি বা অক্ষর আজ অবহেলিত। সিলটি নাগরি অক্ষর চর্চার জন্য সিলেট বিভাগের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে এই ভাষার অক্ষর চর্চার কার্যক্রম চালুর দাবী জানানো হয়। স্বৈরাচার খুনী হাসিনাবিরোধী আন্দোলনে সিলেট বিভাগবাসী ও সিলটি পাঞ্চায়িত বিশেষ ভূমিকা পালন করেছে। আমেরিকার দ্বিতীয় রাষ্ট্র ভাষা স্পেনিস, কানাডায় ফ্রেঞ্চ, ইউ,কে তে গেইলিক ভাষার চালু আছে। এই সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্র ভাষা করার দাবীতে ইতিপূর্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
স্মারকলিপিতে অবিলম্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয়ত রাষ্ট্র ভাষা ঘোষণার জোর দাবী জানান সিলটি পাঞ্চায়িতের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।

১৯.২৯°সে
