রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
একদিনের সফরে লক্ষ্মীপুরের রামগতিতে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। তিনি আগামীকাল শুক্রবার (২৩ মে) উপজেলার আলেকজান্ডার আ.স.ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে আয়োজিত এক ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ উপলক্ষে বাংলাদেশ মুজাহিদ কমিটি রামগতি উপজেলা শাখার পক্ষ থেকে আলেকজান্ডার আ.স.ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে বিশাল সামিয়ানা টাঙানো সহ পোষ্টার, লিফলেট বিতরণ, মাইকিং ও প্রচার প্রচারণা চালাচ্ছে তুঙ্গে। উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও রাস্তার উপর লাগানো হয়েছে তোরণ। মোটরসাইকেল বহর দিয়ে চালানো হচ্ছে প্রচারণা।
দলীয় সুত্রে জানা গেছে, চরমোনাই পীরের ভাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় এই নেতা শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরে জুহুরের নামাজ শেষে ইসলামী যুব আন্দোলনের আয়োজনে এক যুব সমাবেশে বক্তব্য রেখে বিকেলে রামগতির আলেকজান্ডার আ.স.ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখবেন। রাতে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগতি উপজেলা শাখার মাওলানা কামাল উদ্দিন তাহেরী এ প্রতিবেদককে জানান, হুজুর বিকেলে লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী শহীদ মাসরুর চত্তরে ইসলামী যুব আন্দোলনের আয়োজনের যুব সমাবেশে বক্তব্য রেখে রামগতির আলেকজান্ডার আ.স.ম আব্দুর রব সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখবেন। রাতেই চট্টগ্রামের উদ্দেশ্যে রামগতি ত্যাগ করবেন। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রচার প্রচারণা চলছে জোরেশোরে। আশাকরি এ অঞ্চলের সর্ববৃহৎ জনসমাগম ঘটবে ইনশাআল্লাহ। উল্লেখ্য: রামগতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের এ প্রথম সফর এটি।

১৫.৬৮°সে
