নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে ট্রলার ডুবে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪ জন জেলে ১৯দিন ধরে নিখোঁজ রয়েছে। এর মধ্যে নিখোঁজ হন জেলে কামাল হোসেন (৪০)। ২৫ জুলাই কক্সবাজারের মহেশখালী উপজেলার পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। ১৯ দিন অতিবাহিত হলেও কামালের সন্ধান মেলেনি বলে জানিয়েছেন ছেলে তানভীর হোসেন। তিনি জীবিত, নাকি মৃত-এ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে তার পরিবার। কামাল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন এলাকার বাসিন্দা। একই পরিণতি বরণ করেছেন তাঁর তিন সহকর্মী। তারা হলেন- উপজেলার মধ্য চরফলকন এলাকার জেলে দিদার হোসেন (৩৮), চরফলকনের মো. সেলিম (৫০) ও মো. সোহেল।
দিদার হোসেনের শ্বশুর আবুল বাসার জানান, তাঁর জামাতা দরিদ্র পরিবারের সন্তান। দুর্ঘটনায় নিখোঁজ হওয়ার পর থেকে দিদারের স্ত্রী ও তিন সন্তানের কান্না থামছে না। মেয়ে ও নাতিদের ভবিষ্যৎ নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে শশুর বাসারের।
ট্রলারটির মালিক কমলনগরের পাটারীরহাট এলাকার রুবেল মাঝি জানান, ১৭ জন জেলেকে নিয়ে তিনি ১০ জুলাই গভীর সমুদ্রে মাছ শিকারে যান। এরই মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠলে ২৫ জুলাই তারা তীরে ফিরে আসছিলেন। ওই দিন সকালে তাদের ট্রলারটি কক্সবাজারের মহেশখালী উপজেলার পশ্চিমে গ্যাস পাম্পের অদূরে আকস্মিক ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। তীব্র ঢেউয়ের আঘাতে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। এ সময় ট্রলারের মাঝিসহ ১৩ জেলে অন্য জেলেদের সহায়তায় সাঁতরে আরেকটি ট্রলারে ওঠলেও অন্য চার জেলে উঠতে পারেননি। ওই দিন থেকে ১৯ দিন অতিবাহিত হলেও তাদের কোন খোঁজ মিলেনি।
রুবেল মাঝি জানান, সাগর উত্তাল থাকায় ট্রলার নিয়ে তীরে ফিরছিলেন। পথে হঠাৎ দুর্ঘটনায় তাঁর সবকিছু শেষ হয়ে গেছে। তিনিসহ ১৩ জেলে কোনোমতে জীবন বাঁচালেও অন্য চারজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। সন্ধান মেলেনি ৮০ লাখ টাকা দামের ট্রলারটিরও। এলাকায় ফেরার পর থেকে তিনি নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিখোঁজ ৪ জেলের পরিবারে চলছে আহাজারি। পরিবারের উপার্জনের এক মাত্র ব্যক্তিকে হারিয়ে ছেলে, মেয়ে, স্ত্রী ও তাদের মা-বাবার কান্না কোনভাবে থামানো যাচ্ছেনা।
চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারেফ হোসেন বাঘা বলেন, নিখোঁজ জেলেদের জন্য স্বজনের কান্না কোন ভাবেই থামছে না। তাদের সান্তনা দেওয়ার ভাষাও হারিয়ে পেলেছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন,৪ জন জেলে নিখোঁজ রয়েছে। আমরা নদীতে থাকা নৌ-বাহিনী ও কোস্টগার্ডকে অবহিত করে রেখেছি। তারাও খোঁজার চেষ্টা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাহাত উজ জামান বলেন, এঘটনাটি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। সরকারের ওই দপ্তরগুলো তাদেরকে উদ্ধারে কাজ করছে।

১৬.৭২°সে
