জুলাই সনদ বাস্তবায়ন,গনহত্যার বিচার, সংস্কার ও সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম। তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, যদি কোনো অশুভচক্র চাপ দিয়ে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচন দিতে বাধ্য করে, তাহলে পরিষ্কার বলছি- আমরা ছাত্র-জনতা কিন্তু রাজপথ ছাড়িনি। সংস্কার না হওয়া পর্যন্ত আগের নিয়মে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা বিকল্প চিন্তা করতে বাধ্য হবো।
জুলাই সনদের আইনি স্বীকৃতি ও পিআর সিস্টেম নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, গত ৫৪ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এর সংস্কারই প্রকৃত সংস্কার। কালো টাকা, মাস্তানি ও সন্ত্রাস বন্ধের একমাত্র উপায় হলো পিআর। বিভিন্ন জরিপেও উঠে আসছে যে, অধিকাংশ মানুষই পিআর চায়।
তিনি বলেন, সংস্কার দৃশ্যমান হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। নির্বাচনের পরে কেউ সনদের আইনি স্বীকৃতি দিবে, এ আশা গুড়েবালি। সনদের আইনি স্বীকৃতি ছাড়া রাজপথ ছাড়ছি না।
ফেনী শহীদ মিনার চত্তরে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টার আচরণ রহস্যজনক। তিনি নিজেই বলছেন, ‘সংস্কার না হলে দেশ আগের ধারায় ফিরে যাবে’। আবার সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। প্রধান উপদেষ্টা কার চাপে গণমানুষের প্রত্যাশাকে উপেক্ষা করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন? লেভেল প্লেয়িং ফিল্ড না হলে সাক্ষী গোপাল হতে ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে না। প্রয়োজনে কঠোর আন্দোলন ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

১৬°সে
