নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল। দীর্ঘবছর পর হতে যাওয়া এই সম্মেলনে কমলনগরের নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে তৃণমূল থেকে শুরু করে উপজেলার রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। এতদিন নানা সীমাবদ্ধতায় সম্মেলন করতে না পারলেও পরিবর্তিত পরিস্থিতিতে বেশ জাঁকজমকে সম্মেলনের আয়োজন করেছে দলটি। এ উপলক্ষে উপজেলা বিএনপির তৃনমুল নেতাকর্মীদের মাঝে দেখা যায় আনন্দ উল্লাস। এতে বেশ উচ্ছাসিত নেতাকর্মীরা। মঞ্চ তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে। গোটা উপজেলায় সাজ সাজ রব দেখা গেছে।
আগামীকাল রবিবার ২৪ আগস্ট আলোচিত এ সম্মেলন হবে হাজিরহাট বোর্ড অফিস সংলগ্ন মাঠে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও লক্ষ্মীপুর জেলা নেতৃবন্দ।
২০০৬ সালে রামগতি থেকে পৃথক হওয়া কমলনগর উপজেলায় এ প্রথম বড় পরিসরে সম্মেলন করতে যাচ্ছে বিএনপি। ২০০৬ সালে কমলনগর উপজেলা প্রতিষ্ঠার পর বিএনপির আহবায়ক হন মাওলানা মাহে আলম ও সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী। দীর্ঘ বছর তাদের নেতৃত্বে বিএনপি পরিচালিত হয়ে ২০১৫ সালে লক্ষ্মীপুর জেলা বিএনপির কার্যালয়ে ঘরোয়া পরিবেশে কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় ভোটের মাধ্যমে। ওই সম্মেলনে জামাল উদ্দীন তালুকদার আহবায়ক ও নুরুল হুদা চৌধুরী সদস্য সচিব নির্বাচিত হন। এরপর ২০২২ সালে গোলাম কাদেরকে আহবায়ক, এম.দিদার হোসেন যুগ্ম আহবায়ক ও নুরুল হুদা চৌধুরীকে সদস্য সচিব করে কমলনগর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করে। সব মিলিয়ে ২২ বছর পর আগামীকাল ২৪ আগস্ট হাজিরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির সম্মেলন।
নেতাকর্মীরা বলছেন, দলের দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন তারা যেন সঠিক মূল্যায়ন পান। এছাড়া সম্মেলনের মধ্য দিয়ে নতুন করে দলকে পুনরুজ্জীবিত ও সুসংগঠিত করে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ভূমিকা রাখবে এমন নেতৃত্ব চান তারা।
কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী বলেন, একটি সফল সম্মেলন উপহার দিতে কাজ করে যাচ্ছি। হামলা-মামলা ও নির্যাতন উপেক্ষা করে ১৭ বছর দলকে সুসংগঠিত রেখেছি।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, ২৪ আগস্ট কমলনগর উপজেলা বিএনপির সম্মেলন হবে। সম্মেলনে তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচিত হবে।

১৬.৭২°সে
