কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি থেকে মোসলেহ উদ্দিন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল মাঝি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত মোসলেহ উদ্দিন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের শফিক উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে গত ২৭ রমজান থেকে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।
পরিবারের দাবি, রাতে একসাথে ঘুমালেও হঠাৎ গভীর রাতে ঘুম থেকে উঠে বাইরে যান মোসলেহ উদ্দিন। এরপর আর ফিরে আসেনি। সকালে তার স্ত্রী রুনা আক্তার তাকে খুঁজতে গিয়ে বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে।
স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলছেন, মোসলেহ উদ্দিন মাদকাসক্ত ছিলেন এবং সম্প্রতি এলাকায় গাঁজাসহ ধরা পড়েছিলেন। তবে এটি আত্মহত্যা না কি অন্য কিছু, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
শ্বশুর কামাল মাঝি বলেন, ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরেই দেখি, গাছের সাথে ঝুলছে মোসলেহ উদ্দিন। আমরা কিছুই বুঝে উঠতে পারছি না।
হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।