চট্টগ্রামের মিরসরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে আবুল কালাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারী বাড়ির ফজলে রহমানের ছেলে। অভিযুক্ত ভাতিজা একই এলাকার মৃত তাহের আহাম্মদের ছেলে মো. হেলাল।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে চাচা আবুল কালামের সঙ্গে তর্কে জড়ায় ভাতিজা হেলাল। বাগ্‌বিতণ্ডা এক পর্যায়ে হেলাল ইট দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় আবুল কালাম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তার অবস্থা গুরুতর হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে হেলাল পলাতক রয়েছেন।