চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জামাল উদ্দিন খানের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ কামাল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে থানাধীন ঝর্ণাপাড়া জোড় ডেবার পাড়স্থ কড়ই গাছতলা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে ৩টি কাঠের বাটযুক্ত ধারালো ছোরা, ১টি স্টিলের তৈরি চাপাতি এবং ১টি কাটের বাটযুক্ত ধারালো দা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ইউনুছ (৩০), মো. সেলিম (৩৪), মো. ইব্রাহিম খলিল প্রকাশ বাবুইয়া (৩২), মো. জীবন (২৬) এবং মো. ওসমান আলী (২৯)। তারা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা নম্বর-০৪, তারিখ-১০ জানুয়ারি ২০২৬ ইং, ধারা-৩৯৯/৪০২, পেনাল কোড ১৮৬০ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।